সাতকানিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে দুইস্কুল ছাত্রী। এ ঘটনায় ৪ জন ধর্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা শহিদের নল এলাকায় দুই স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের পর আটকে রাখে এবং পরবর্তীতে এলাকার লোকজনের সহায়তায় স্কুলছাত্রীদের উদ্ধার ও রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ৪ ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, পূর্ব ছদাহা শহিদের নল এলাকায় নবম ও অস্টম শ্রেণিতে পড়ুয়া দুই স্কুলছাত্রীকে ৭ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণের পর জিম্মি করে রাখে। খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দুই স্কুলছাত্রীকে উদ্ধার ও ৪ ধর্ষককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা সিন্দিপ্যা পাড়ার শামসু মাঝির বাড়ির মো. ওসমানের ছেলে মো. ছৈয়দ (১৫), একই এলাকার মুন্সি বাড়ির নাসির উদ্দীনের ছেলে মো. মানিক ইসলাম (২০), আবদুল মজিদের ছেলে আবদুর রহিম (১৮) ও বাজালিয়া ইউনিয়নের উত্তর পাহাড়ের কালা মিয়ার বাড়ির মো. শাহ আলমের ছেলে মো. রাকিব
(২০)।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, অভিযান চালিয়ে ২ ভিকটিমকে উদ্ধার ও ৪ ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া ধর্ষকদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।