ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, একসময় ভূমি অফিস মানেই ছিল দুর্ভোগ, হয়রানি ও জটিল প্রক্রিয়া। কিন্তু তথ্য-প্রযুক্তির যুগে সরকার ভূমিসেবা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে।
ভূমির শতভাগ নির্ভুল তথ্য সফটওয়্যারে সন্নিবেশ করে জনগণের জন্য হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিনিয়র সচিব বলেন, তথ্য-প্রযুক্তির উন্নয়ন আজ জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এনেছে। ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনাও এর ব্যতিক্রম নয়। একসময় ভূমিসেবা বলতে বোঝানো হতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাগজপত্র যাচাই, দালালের মাধ্যমে কাজ সম্পন্ন করা এবং যা ছিল সাধারণ নাগরিকের জন্য দুরূহ প্রক্রিয়া। কালের বিবর্তনে ভূমিসেবা এখন ডিজিটাইজড হয়ে গেছে, জনগণের ভোগান্তি, সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে।