ঢাকার কেরানীগঞ্জে একটি ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়েছে। ‘হ্যালো ডিসি’ অ্যাপে অভিযোগের পর সোমবার (১০ আগস্ট) এই ময়লার স্তূপ পরিষ্কার করা হয়।
এর আগে গতকাল রবিবার ‘হ্যালো ডিসি’ অ্যাপে এক ব্যক্তি অভিযোগ করে লেখেন, ‘কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে রয়েছে ময়লার স্তূপ, এ যেন দেখার কেউ নাই।’ এই অভিযোগের পর ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসার ওমর ফারুককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর তিনি সরেজমিন পরিদর্শন করে ময়লার স্তূপ অপসারণ করেন। এতে স্কুল- কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত ময়লা ফেলা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। ‘হ্যালো ডিসি’তে অভিযোগ করার পর দ্রুত সময়ের মধ্যে ময়লা অপসারণ করায় তারা সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যেই ‘হ্যালো ডিসি’ সেবা চালু করা হয়েছে। নাগরিকদের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কেরানীগঞ্জ (ইউএনও) মো. উমর ফারুক বলেন, ‘নাগরিকদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে জন্য ‘হ্যালো ডিসি’ কার্যকর ভূমিকা রাখছে। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপের বিষয়টি অভিযোগের মাধ্যমে আমাদের নজরে আসে। পরে সেখানে জমে থাকা ময়লা-আবর্জ
না পরিষ্কার করা হয়েছে।’