হামে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই শিশুর মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে এমন কোনো দিন যায়নি, যেদিন হাম-সংশ্লিষ্ট কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ পর্যন্ত দেশে নিশ্চিত ও সন্দেহভাজন হাম-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা ৯১৮।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বিশ্লেষণ করা তথ্যের বরাত দিয়ে স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, হামে মারা যাওয়া শিশুদের ৯২ শতাংশই টিকা নেয়নি।
হামের সংক্রমণ ও মৃত্যু কমাতে নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া ১৬ লাখ শিশুকে টিকার আওতায় আনার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যসচিব বলেন, টিকা না পাওয়ার কারণে শিশুদের মধ্যে একটি বড় ধরনের ক্রমবর্ধমান ঘাটতি তৈরি হয়েছে।
বাদ পড়া শিশুদের চিহ্নিত করে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘হামে যারা মারা যাচ্ছে, তাদের মধ্যে ৯২ শতাংশ শিশু টিকা নেয়নি। বিভিন্ন সময়ে টিকাদানে তৈরি হওয়া ঘাটতিকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।’
তিনি বলেন, কোনো একটি বছরে ১০ শতাংশ শিশু টিকা থেকে বাদ পড়লে পরের বছরও যদি একই ধরনের ঘাটতি থাকে, তাহলে কয়েক বছরে বাদ পড়া শিশুর সংখ্যা বড় হয়ে যায়।