নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) রাতে কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারীর নাম সাজেদা আক্তার (২৬)। তিনি সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী।
পুলিশ জানায়, শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে নালিশি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে ২২ জুন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার বিবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।