সৌদিতে প্রথমদিন কর্মব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সৌদিতে হজ কার্যক্রম মনিটরিংয়ের কাজে এসে প্রথমদিনে গতকাল বুধবার (২০ মে) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর আমন্ত্রণে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত বিশেষ বৈঠকে অংশ নেন তিনি।
জেদ্দার রিজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন দেশের ধর্ম ও হজ বিষয়ক মন্ত্রীরা অংশগ্রহণ করেন।
এ বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রবিয়াহ হজ বিষয়ক অফিসসমূহের সহযোগিতার প্রশংসা করেন এবং হজ ব্যবস্থার প্রস্তুতি ও হজযাত্রীদের প্রদত্ত পরিষেবাগুলির উন্নতিতে দ্রুত পরিকল্পনা ও নিয়মকানুন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। অনুমোদিত পরিবহন ব্যবহার এবং ভিড় ব্যবস্থাপনা পরিকল্পনা মেনে চলার উপরও জোর দেন সৌদি মন্ত্রী।
হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য বিভিন্ন দেশের পক্ষ হতে সৌদি সরকার বিশেষ করে সৌদি বাদশাহ, সৌদি প্রধানমন্ত্রী, ক্রাউন প্রিন্স এবং হজ ও ওমরাহ মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।এ বৈঠক শেষে একইস্থানে ৫০তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। এ সিম্পোজিয়ামে সৌদি আরবসহ বিভিন্ন দেশের মন্ত্রী, জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিরা অংশ নেন।
এ বৈঠকে ধর্মমন্ত্রীর সাথে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, কাউন্সিলর হজ মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে রাত সাড়ে ১১টার দিকে মক্কায় হজযাত্রীদের সেবায় স্থাপিত মেডিক্যাল সেন্টার পরিদর্শন করেন ধর্মমন্ত্রী।
তিনি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীদের সাথে কথা বলেন এবং হজযাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য তাদেরকে অনুরোধ জানান।
এসময় হজ মেডিক্যাল টিমের সদস্যদেরকে উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং তিনি হজযাত্রীদের বিষয়ে খোঁজ-খবর রাখছেন। এসময় তিনি হজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেন, দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা শুধু সৌদি আরবে এসে ঘুরে বেড়াবে কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হজযাত্রীদের আন্তরিকভাবে ও নিষ্ঠার সঙ্গে সেবা প্রদানকারী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন ধর্মমন্ত্রী।এর আগে, বাংলাদেশ হজ মিশন অফিসে এসে সাংবাদিক ব্রিফিংয়ে হজযাত্রীদের সর্বোত্তম সেবা প্রদানের বিষয়ে হজ টিমের সদস্যদেরকে নির্দেশ দেন ধর্মমন্ত্রী। দায়িত্ব পালনে শৈথিল্য প্রদর্শন বা অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট সদস্যের ভ্রমণ সুবিধাদি কর্তন করা হবে বলে জানান তিনি।