জামালপুরের সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক আলী ওই গ্রামের মৃত বছির উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাড়ির পাশে নিজের সেচ পাম্প চালাতে যান মোবারক আলী। পাম্পে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোবায়েত হোসেন বিপুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।