সিরাজগঞ্জ কাঁচা বাজারে আদার দাম ২২০ টাকা ছাড়িয়ে, স্বস্তি নেই ক্রেতাদের
সিরাজগঞ্জ প্রতিনিধি, মোহাম্মদ ইন্সাফ আলী
সিরাজগঞ্জ: নিত্যপণ্যের বাজারে স্বস্তি মিলছে না সাধারণ মানুষের। আজ সোমবার সিরাজগঞ্জ শহরের কাঁচা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, আদার দাম এখনও ২২০ টাকার ওপরে ঘোরাফেরা করছে।
বাজারে আসা ক্রেতারা জানান, গত কয়েক সপ্তাহ ধরে আদার দাম বাড়তি থাকলেও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়, যা সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে গেছে।
মুন্সিপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “সংসারে রোজই আদা লাগে। আগে ৯০-১২০ টাকায় কিনতাম, এখন দাম দ্বিগুণের বেশি। এভাবে চললে রান্নায় কাটছাঁট করতে হবে।”
বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারে দাম কমানো সম্ভব হচ্ছে না। সরবরাহ কম থাকা এবং পরিবহন খরচ বৃদ্ধিকেও কারণ হিসেবে দেখাচ্ছেন তারা।
একজন পাইকারি ব্যবসায়ী জানান, “মাল আসছে কম। বাইরের জেলা থেকে যে আদা আসে তার দামই বেশি। তাই আমরা কম দামে দিতে পারছি না।”
বাজার করতে আসা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের অভিযোগ, এভাবে প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়তে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন।
আপাতত আদার দাম কমার কোনো ইঙ্গিত না থাকায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।