*সিরাজগঞ্জ এমপিওভুক্ত মাদ্রাসার কক্ষে কিন্ডারগার্ডেন!*
*মাসিক ৪০০ টাকা বেতন আদায়ের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর*
*মোঃ ইনসাফ আলী*
*সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, দেশের প্রত্যয়*
*সিরাজগঞ্জ:* এমপিওভুক্ত মাদ্রাসার শ্রেণিকক্ষে বাণিজ্যিক কিন্ডারগার্ডেন স্কুল পরিচালনা এবং শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি *সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের মটিয়ারপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়*।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার কক্ষেই "কিন্ডারগার্ডেন স্কুল" নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চালানো হচ্ছে। সেখানে বর্তমানে প্রায় *৭০ জন শিক্ষার্থী* পড়াশোনা করছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে *মাসিক ৪০০ টাকা* করে বেতন নেওয়া হয়।
এ বিষয়ে কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমরা প্রতি মাসে ৪০০ টাকা করে বেতন দেই। রশিদও দেয় না। মাদ্রাসার কক্ষেই ক্লাস হয়। এটা সরকারি নিয়মে আছে কিনা আমরা জানি না।"
*অধ্যক্ষের বক্তব্য*
এ বিষয়ে মটিয়ারপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ *মাওলানা শাহাদত হোসেন* এর সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভের সাথে বলেন, *"আপনারা সাংবাদিকরা তিলকে তাল বানান। আকারকে ওকার বানান আপনারা মিথ্যা কথা বলেন।"*
তবে কিন্ডারগার্ডেন পরিচালনা ও বেতন আদায়ের বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
*এলাকাবাসীর দাবি*
এই ঘটনায় এলাকার সচেতন মহল ও অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, সরকারি অনুদানপ্রাপ্ত এমপিওভুক্ত মাদ্রাসার কক্ষ ও অবকাঠামো ব্যবহার করে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালানো সরকারি নীতিমালার পরিপন্থী।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে *জেলা প্রশাসন ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের* একটি তদন্ত দল গঠন করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।