সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের দরজায় বসে থাকা অবস্থায় ফুট ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাতপরিচয় যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নীলফামারী থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত যাত্রীর বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং তার স্বজনদের খোঁজ করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, ট্রেনটি উল্লাপাড়া স্টেশন এলাকার ফুট ওভারব্রিজ অতিক্রম করার সময় এক যাত্রী দরজায় বসে মাথা বাইরে বের করে রেখেছিলেন। এ সময় ব্রিজের পিলারের সঙ্গে তার মাথায় সজোরে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানার হেফাজতে রাখা রয়েছে।