সিরাজগঞ্জের শাহজাদপুর ও তাড়াশ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর এলাকার শেরখালি গ্রামের বাসিন্দা অ্যাড. শাহজালাল এবং তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সদস্য বাবুল শেখ।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর অ্যাডভোকেট শাহজালালের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দুটি হত্যা এবং শাহজাদপুর থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে পাবনা সদরের শালগড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার তাকে শাহজাদপুর চৌকি আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’
তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার নির্বাচনী পথসভায় অংশ নেন। ওই সময় মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিএনপির নেতাকর্মীরা আহত হন। ওই ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে অপসারিত সংসদ সদস্য ডা. আব্দুল আজিজসহ ৯৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।বাবুল শেখ ওই মামলার এজাহারভুক্ত আসামি।’
তিনি জানান, বৃহস্পতিবার রাতে তাড়াশ সদরের নিজ বাড়ি থেকে বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে শুক্রবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।