সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওর সূত্র ধরে রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী আটক
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা পঞ্চবটী এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফায়েজুল কবিরের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি পর্যালোচনার পর মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বোয়ালিয়া থানা পুলিশ এবং মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)কে দ্রুত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নগরীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদারের নির্দেশনাও দেওয়া হয় সংশ্লিষ্ট ইউনিটগুলোকে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ মে ২০২৬ দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে খরবোনা পঞ্চবটী এলাকায় অভিযান চালায় বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় মোছা. তছলিমা খাতুন (৪৭) নামে এক নারীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের বিছানার তোষকের নিচ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।