ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী ও শিবিরের বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৪ জুন) সকাল ১১টায় নড়াইল প্রেস ক্লাবের আয়োজনে শহরের আদালত সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক এ মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য দেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রশিদ লাভলুসহ সিনিয়র নেতারা।
নড়াইল প্রেস ক্লাবের নেতারা বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে কাজ করেন। তাদের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত।
তাই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মঙ্গলবার (২৩ জুন) পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিক নির্যাতন হয়েছে। স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রচারের পরিবেশ নিশ্চিত করতে হলে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।