সাংবাদিকদের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকতা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্র গঠনে বিশাল ভূমিকা রয়েছে।
সাংবাদিকর প্রায়শই নির্যাতনের শিকার হন। অন্যদিকে সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে বলেই অনেকেই ওয়েজবোর্ড অনুযায়ী ন্যায্য বেতন পান না।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক মানিক মিয়া মন্ত্রী না হয়েও মন্ত্রী তৈরি করেছেন।তবে দায়িত্বহীন সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ক্ষতিকর।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, সংবাদ প্রকাশের আগে অবশ্যই অভিযুক্ত বা বিপরীত পক্ষের বক্তব্য নেওয়া উচিত। জুলাই অভ্যুত্থানের পর দেশে নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে দেশ ও মানুষের পক্ষে কাজ করতে হবে।
ফ্যামিলি কার্ড কার্যক্রমকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন করা হবে।
পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সহায়ক ইতিবাচক সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।