শ্রীলঙ্কাকে উড়িয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ
টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। ছবি : এশিয়ান হকি ফেডারেশন
টানা দুই হারে এশিয়ান গেমস শুরু হয় বাংলাদেশের। অবশেষে জয়ের দেখা পেয়েছেন আমিরুল ইসলাম-আশরাফুল ইসলামরা।
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের অষ্টম মিনিটে গোলোৎসব শুরু হয় বাংলাদেশের। দলের হয়ে গোলের খাতা খোলেন আমিরুল।
দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই আবারও গোল পায় বাংলাদেশ। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল। ২ মিনিট পরেই অবশ্য ব্যবধান কমায় শ্রীলঙ্কা। গোলটি করেন কুশল ভীরাপ্পোলি।
বিপরীতে বিরতিতে যাওয়ার আগে ২৭ মিনিটে দলের ব্যবধান ৩-১ করেন আমিরুল।
তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার দুই মিনিট আগে ৪-১ করেন মাহবুব হোসেইন। আর চতুর্থ ও শেষ কোয়ার্টারে প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারেন আশরাফুল। নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন ৬৪ মিনিটে। তাতে ৫-১ গোলের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এ জয়ে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের হারে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচে জাপানের কাছে হেরেছিল ৬-১ গোলে।
বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ম্যাচটি হবে ২৬ সেপ্টেম্বর। বিপরীতে আগামী ২৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।