শ্রীধাম শ্রীঅঙ্গনে শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবীর তিরোভাব তিথি স্মরণে তিন দিনব্যাপী অনুষ্ঠান
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের পালনকারিণী বড়দিদি শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবীর তিরোভাব তিথি স্মরণে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আগামী ২৬, ২৭ ও ২৮ আগস্ট ২০২৬ (৮, ৯ ও ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ), বুধ, বৃহস্পতি ও শুক্রবার এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে মঙ্গল আরতি, টহল কীর্তন, শৃঙ্গার আরতি, প্রভুর ভোগারতি, শ্রীমদ্ভাগবত পাঠ, বর্ণাঢ্য র্যালি, কীর্তন মেলা, সন্ধ্যারতি ও মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি থাকবে।
২৬ আগস্ট বুধবার ভোর ৫টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর টহল কীর্তন, শৃঙ্গার আরতি ও প্রভুর ভোগারতি অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় শ্রীমদ্ভাগবত পাঠ করবেন শ্রীমৎ অনন্ত বন্ধু ব্রহ্মচারী।
পাঠ শেষে মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে।
২৭ আগস্ট বৃহস্পতিবার ভোর ৫টায় মঙ্গল আরতি, সাড়ে ৫টায় টহল কীর্তন, সকাল ৮টায় শৃঙ্গার আরতি ও দুপুর ১২টায় প্রভুর ভোগারতি অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় শ্রীমদ্ভাগবত পাঠ করবেন মহানাম সম্প্রদায় কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারী। পাঠ শেষে মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যারতি হবে।
২৮ আগস্ট শুক্রবার অনুষ্ঠানের শেষ দিনে ভোর ৫টায় মঙ্গল আরতি ও সাড়ে ৫টায় টহল কীর্তন হবে। সকাল ৭টায় হরিবল দলের সঙ্গে শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালিটি ব্রাহ্মণকান্দা হয়ে পরিক্রমা শেষে শ্রীধাম শ্রীঅঙ্গনে ফিরে আসবে।
এদিন দুপুর ১২টায় কীর্তন পরিবেশন করবেন কীর্তন সম্রাট শ্রী অমল ব্যানার্জী, ফরিদপুর। সন্ধ্যায় কীর্তন মেলা ও সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে। রাত ৮টায় শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবীর দিব্য লীলা ও দর্শন বিষয়ে আলোচনা করবেন শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। রাত ৯টায় শ্রীমদ্ভাগবত পাঠ করবেন শ্রী বিল্বমঙ্গল দেবনাথ দাসজী, সাতক্ষীরা। পাঠ শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে ভক্তবৃন্দকে স্ব-বান্ধবে উপস্থিত হয়ে উৎসব অঙ্গণকে আনন্দমুখর করে তোলার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানটি আয়োজন করছে দিগম্বরী দেবী সেবা সংঘ ও শ্রীধাম শ্রীঅঙ্গন, ফরিদপুর।