নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে নৌ পুলিশের টহলযান উল্টে গিয়ে মহসিন সরদার (৪৩) নামে এক নৌ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নৌ পুলিশ সূত্রে জানা যায়, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চার কনস্টেবলসহ একটি টহলদল ডাকাতি প্রতিরোধে নদীতে রাতে টহল দিচ্ছিলেন।
এসময় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে টহলযানটির সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে যায়।
ঘটনার পর টহলদলের সদস্যরা সাঁতরে পাশের আরেকটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পান। তবে সংঘর্ষে কনস্টেবল মহসিন সরদার গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত মহসিন সরদার বাগেরহাট জেলা থেকে নৌপুলিশে সংযুক্ত ছিলেন। তার বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর এলাকায়।
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান খান বলেন, ‘রাতে অবৈধভাবে বাল্কহেডগুলো নদীতে চলাচল করে।
এসময় অন্ধকারে টহলরত নৌ পুলিশের বোটের সঙ্গে বাল্কহেডের দুর্ঘটনাটি ঘটে। এতে একজন কনস্টেবল গুরুতর আহত হয়ে মারা যান। তবে বাল্কহেডটিকে শনাক্ত করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’