দেশে শিশু নির্যাতনসহ সব ধরনের অপকর্ম রোধে বিচার বিভাগকে সক্রিয় করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।
শুক্রবার (২২ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে শিশু অধিকার নিয়ে কাজ করা দেশের সর্ববৃহৎ এই সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান।
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে দেশে একমুখী, বিজ্ঞানভিত্তিক ও আধুনিক শিক্ষা ব্যবস্থা চালুর তাগিদ দেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না। তিনি বলেন, আমরা শিক্ষায় অন্ধকারের দিকে ছেলে-মেয়েদের নিয়ে যাচ্ছি। কন্যা শিশুরা যেমন নানা পাশবিকতার শিকার হচ্ছে, তেমনি মাদ্রাসায় ছেলে শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে।এমন পাশবিকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
একটি মানবিক সমাজ গঠনে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা। তিনি বলেন, বিচার বিভাগকে সক্রিয় করার মাধ্যমেই শিশু নির্যাতনসহ সব অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব। সমাজ পরিবর্তনের জন্য সাংস্কৃতিক আন্দোলন, বই পড়া, বিতর্ক ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই।
এসবের মধ্য দিয়েই মানবাধিকার সুরক্ষিত করা সম্ভব।
প্রণয় সাহা বলেন, রাস্তার শিশু আর অট্টালিকার শিশুর মধ্যে কোনো পার্থক্য নেই—রাষ্ট্রকে এই চিন্তা করতে হবে। মানবিক মূল্যবোধ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে সামনের পথ আরো কঠিন হবে এবং সংকট আরো বাড়বে।
খেলাঘরের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য দেন সংগঠনটির নেতা অমল নাগ, অধ্যক্ষ শরীফ আহমেদ, আলতাব হোসেন, সুনীল সরকার, গোবিন্দ বাগচি প্রমুখ।
মানববন্ধন শেষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বজলুর রহমান স্মৃতিপদক’ প্রদান ও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।