চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান পাটওয়ারীর ছেলে মাহি পাটওয়ারী (২০) ও একই গ্রামের অটোরিকশাচালক মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তাওহীদ (২২)।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার ভোরে মাহি ও তাওহীদ মোটরসাইকেলে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।
লোহাগাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দুই তরুণের এমন আকস্মিক মৃত্যু স্বজন ও পরিচিতজনদের কেউই সহজে মেনে নিতে পারছেন না। তাদের মৃত্যুতে সাহারপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।
তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো কোনো তথ্য জানানো হয়নি।