বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যাপল স্টোর। তার সামনে ভিড় করছে লাখো ক্রেতা।
কারণ অ্যাপল বাজারে এনেছে নতুন ফোন। আইফোন ১৮ প্রো। সঙ্গে আইফোন ১৮ প্রো ম্যাক্স। টাকার হিসাবে যার দামের শুরু ২ লাখেরও বেশিতে।
রাতভর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর একটাই চাওয়া—যে কোনো উপায়ে নতুন আইফোন পেতেই হবে!
ঠিক একই দিন, শুক্রবার দুপুর। তবে ভিন্ন চিত্র। কুমিল্লার বাগমারা (গন্ধমতী) এলাকা। অ্যাপলেরই একটি আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম।
সেই আইফোনটি ছিল তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। গভীর অন্ধকার নিয়ে রাত আসে। কিন্তু অপ্রতিমকে আর খুঁজে পায় না পরিবার। অগত্যা তাদের শেষ আশ্রয় হয় থানা-পুলিশ।
তারাও ব্যর্থ হয় অপ্রতিমকে মায়ের কোলে ফিরিয়ে দিতে।
পরের দিন শনিবার দুপুর। লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। শুধু ছিল না সেই আইফোনটি। পুলিশ জানায়, শুধু একটি আইফোনের লোভে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা করে তারই পরিচিত একদল কিশোর।
এই আইফোনের লোভে এমন নৃশংসতা নতুন নয়। বাংলাদেশেসহ দুনিয়ার ভিন্নপ্রান্তে হত্যা, সন্তান বিক্রি, অপহরণ, ডাকাতি, ছিনতাই, প্রতারণার মতো বড় বড় অপরাধ সংঘটিত হয়েছে। সেসব অপরাধের পেছনে ছিল একটাই কারণ—এই আইফোন।
বিভিন্ন দেশের সংবাদমাধ্যম, পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে আইফোনকে ঘিরে আলোচিত এমন অপরাধের কিছু ঘটনা কালের কণ্ঠের পাঠকদের কাছে তুলে ধরা হলো।
কলেজছাত্র সিয়াম হত্যা
গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম মোল্লাকে আইফোনের জন্য হত্যার অভিযোগ ওঠে তারই চার সহপাঠীর বিরুদ্ধে।
গত ৭ মার্চ বাড়ি থেকে বের হওয়ার পর সিয়াম নিখোঁজ হয়। দুই দিন পর ৯ মার্চ বাঁশবাড়িয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের পেছনের একটি পুকুরে কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিয়াম সরকারি মুকসুদপুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
পুলিশের দাবি, চার সহপাঠী সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। আইফোনের পাশাপাশি তার কাছে থাকা টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
hh
ছবি : সংগৃহীত
সন্তান বিক্রি করে আইফোন
পটুয়াখালীর দশমিনায় দেড় বছর বয়সী সন্তানকে বিক্রি করে আইফোন কেনার অভিযোগ উঠে ২২ বছরের মারুফ মুনশির বিরুদ্ধে। পরে পুলিশ তাকে আটক করে। পরিবারের দাবি, শিশুকে ১ লাখ টাকায় বিক্রির চুক্তি করে মারুফ। ৫২ হাজার টাকা অগ্রিমও নেয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
দুদক মহাপরিচালকের দুই আইফোন ছিনতাই
রাজধানীর মোহাম্মদপুরে নামাজ শেষে হাঁটতে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. মোতাহার হোসেন। গত ৭ মার্চ রাতের ওই ঘটনায় ছিনতাইকারীরা তার দুটি আইফোন নিয়ে যায়। যদিও পরে পুলিশ আইফোন দুটি উদ্ধার করে। দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথাও জানায় পুলিশ।
ছিনতাইয়ের টাকায় আইফোন কিনে ফেসবুকে পোস্ট
ভারতের উত্তর প্রদেশের লখনউয়ের গোসাইনগঞ্জে গত ৬ আগস্ট এক ব্যক্তির কাছ থেকে ৪ লাখ ১৮ হাজারের বেশি টাকা ছিনতাই করা হয়। ওই ঘটনায় হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী রাহুল কুমারকে পিটিয়ে টাকা নিয়ে পালিয়ে যায় কয়েক ব্যক্তি। অভিযুক্তদের একজন সেই টাকা দিয়ে আইফোন কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে। সেই পোস্ট ধরেই অপরাধীদের গ্রেপ্তার করে পুলিশ।
আইফোনের জন্য দাদাকে হত্যা
ভারতের কেরালার আলাপ্পুঝায় শিবনকুট্টি চেট্টিয়া নামে ৬৫ বছরের দাদাকে হত্যার অভিযোগ ওঠে তারই অপ্রাপ্তবয়স্ক নাতনিসহ চার কিশোরের বিরুদ্ধে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ১৩ বছর বয়সী ওই কিশোরী নিজের জন্য আইফোন এবং তার প্রেমিকের জন্য একটি মোটরসাইকেল কেনার অর্থ জোগাড় করতে দাদাকে হত্যা করে।
বন্ধুকে হত্যা করে আইফোন ছিনতাই
ভারতের পাঞ্জাবের পাতিয়ালায় আইফোন ছিনিয়ে নিয়ে ১৭ বছর বয়সী নবজোৎ সিংকে হত্যার অভিযোগ ওঠে তারই এক বন্ধুর বিরুদ্ধে।
পুলিশের তথ্য অনুযায়ী, নবজোতের জন্মদিনের অনুষ্ঠানে অভিযুক্তও উপস্থিত ছিল। পরে নবজোৎকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে মরদেহ রেললাইনে ফেলে রেখে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়।
রিল বানাতে আইফোন ছিনতাই, হত্যা
ভারতের উত্তর প্রদেশে ১৯ বছর বয়সী শাদাব নামের এক তরুণের আইফোন ছিনিয়ে নিয়ে তাকে হত্যার অভিযোগ ওঠে দুই কিশোরের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে ২০২৫ সালের ২০ জুন। শাদাব আত্মীয়ের বিয়েতে অংশ নিতে গ্রামে এসেছিলেন। পরে তিনি নিখোঁজ হয়ে যান। ১ দিন পর গ্রামের একটি পরিত্যক্ত নলকূপের কাছে তার মরদেহ পাওয়া যায়। পুলিশের দাবি, ভালো মানের রিল বানাতেই শাদাবের আইফোন কেড়ে নিয়ে হত্যা করা হয়।
যাত্রাবাড়ীতে প্রাণ যায় ব্যবসায়ীর, ছিনিয়ে নেয় আইফোন
২০২৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৩৩ বছর বয়সী আশিস জোয়ার্দার ছিনতাইকারীদের হামলায় নিহত হন। সেদিন তিন-চারজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে আইফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
আইফোন ডেলিভারি দিতে যাওয়া কর্মীকে হত্যা
ভারতের নয়ডায় ২৯ বছর বয়সী স্বরূপ কুমার নামের এক ডেলিভারি কর্মী আইফোন পৌঁছে দিতে গিয়ে খুন হন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিন ব্যক্তি আইফোনটির দাম না দিয়ে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে সময় স্বরূপ বাধা দিলে তাকে হত্যা করে মরদেহ ড্রেনে ফেলে দেওয়া হয়। পুলিশের দাবি, অন্য তরুণদের হাতে আইফোন দেখে অভিযুক্তদের মধ্যে তা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল।
আইফোন পৌঁছে দিয়ে আর ফিরেনি ডেলিভারি কর্মী
ভারতের উত্তর প্রদেশের লখনউয়ের ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দুটি স্মার্টফোন পৌঁছে দিতে যান ৩২ বছর বয়সী ডেলিভারি কর্মী ভারত কুমার ভার্মা। যার মধ্যে একটি ছিল আইফোন। টাকা না দিয়ে ভারতকে শ্বাসরোধে হত্যা করা হয়।
আইফোন কিনতে ব্যাংক ডাকাতির চেষ্টা
২০২৪ সালের ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরায় রূপালী ব্যাংকের একটি শাখায় তিনজন ব্যক্তি ডাকাতির চেষ্টা করেন। তারা ব্যাংকে ঢুকে কর্মী ও গ্রাহকদের জিম্মি করে টাকা লুট করে। পরে পুলিশ জানায়, ডাকাতির মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের।
আইফোনের টাকা না দিয়ে ডেলিভারি কর্মীকে হত্যা
ভারতের কর্ণাটকে ২৩ বছরের ডেলিভারি কর্মী হেমন্ত নায়েককে হত্যা করে ২০ বছর বয়সী হেমন্ত দত্ত। পরে পুলিশের তদন্তে ওঠে আসে, হেমন্ত টাকা না দিয়ে ছুরিকাঘাত করে মরদেহ চার দিন বাড়িতে লুকিয়ে রাখা হয়। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
রিল বানাতে আইফোন কিনতে ৮ মাসের সন্তান বিক্রি
পশ্চিমবঙ্গের পানিহাটিতে আট মাস বয়সী শিশুকে বিক্রি করে আইফোন কেনার অভিযোগ ওঠে এক দম্পতির বিরুদ্ধে। পুলিশ জানতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল তৈরির জন্য আইফোন কেনার উদ্দেশ্যে শিশুটিকে বিক্রি করা হয়েছিল।
আইফোন কেনার টাকা ফেরত না দিয়ে কিশোরকে হত্যা
দিল্লিতে আইফোন কেনার জন্য এক কিশোরকে ৭২ হাজার রুপি দিয়েছিলেন ২৪ বছর বয়সী ক্যাবচালক খালিদ। পরে টাকা ফেরত না দিয়ে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়।
আইফোনের পাসওয়ার্ড নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা
২০২১ সালের এপ্রিলে দিল্লির পিতমপুরায় আইফোনের পাসওয়ার্ড নিয়ে বিরোধের জেরে মায়াঙ্ক নামের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যা করা হয়। অভিযোগ ওঠে ১৯ বছর বয়সী দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, পাসওয়ার্ড নিয়ে হাতাহাতি হয়। মায়াঙ্ক ওই কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করেন।
উপহারের পুরনো আইফোন নিয়ে বিরোধে খুন
ভারতের পাঞ্জাবে ২০২১ সালের ১৩ নভেম্বর জন্মদিনের এক অনুষ্ঠানে পুরনো আইফোন উপহার দেওয়া নিয়ে বিরোধে নিহত হন রনদীপ সিং। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বন্ধুদের একটি দল রণদীপকে তার পুরনো আইফোনটি অন্য একজনের জন্মদিনের উপহার হিসেবে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। এ নিয়ে বিরোধের একপর্যায়ে রনদীপকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
আইফোন কিনতে কিডনি বিক্রি
চীনের ওয়াং শাংকুনের ঘটনা আইফোনকে ঘিরে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। ২০১১ সালে তার বয়স ছিল ১৭ বছর। আইফোন কেনার অর্থ জোগাড় করতে তিনি অবৈধভাবে নিজের একটি কিডনি বিক্রি করে দেন।
পরে ওয়াংয়ের পরিবারের কাছে বিষয়টি ধরা পড়ে তার নতুন আইফোন দেখে। অস্ত্রোপচারের জটিলতা ও সংক্রমণে তাঁর অবশিষ্ট কিডনিও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।