ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনরা জানায়, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল চার বছরের শিশুটি। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী শিশুর মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হবে।