খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি পূর্বপাড়া এলাকায় রেলক্রসিংয়ে বিকল হয়ে পড়া একটি সিএনজি অটোরিকশায় ট্রেনের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে যুগীপোল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক আলামিন মোল্লা বাবু (৩০)। তিনি খুলনা মহানগরীর খালিশপুর থানার বয়রা সরকারি মহিলা কলেজ বাউন্ডারি রোড এলাকার বাসিন্দা এবং কালাম মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পুলিশের একটি দল রিকুইজিশন করা একটি সিএনজি অটোরিকশায় করে অভিযানে যাচ্ছিল।
পথে যুগীপোল রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ সিএনজিটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা দ্রুত নেমে যান এবং সিএনজিটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে সেটি আর চালু করা সম্ভব হয়নি। একপর্যায়ে দ্রুতগতির একটি ট্রেন এসে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়।এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আলামিন মোল্লা বাবুর মৃত্যু হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।