রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রামিসার বাবা মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা।
রবিবার (৭ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণার পর তিনি খুশি হয়ে ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন।
মামলার রায়ে আদালত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল হান্নান মোল্লা বলেন, ‘আমি আলহামদুলিল্লাহ খুশি। এই রায়ে আমার মনের যে প্রত্যাশা, যে আকাঙ্খা সেটা আমি পেয়েছি। ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী রায় দ্রুত কার্যকর হবে।
আল্লাহ পাকের রহমত ও মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে আমরা কাঙ্খিত রায় পেয়েছি।’তিনি আরো বলেন, ‘মাননীয় বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও বাংলাদেশের আপামর জনতা যারা আমার ও আমার পরিবারের বিপদের সময়ে মানসিকভাবে সহায়তা করেছেন, সবার নিকট আন্তরিক কৃতজ্ঞতা। অবশ্যই আমি আমার মেয়ের হত্যার বিচারের রায় দ্রুত কার্যকর দেখতে চাই।’