লক্ষ্যটা ৩৪৭ রানের। ধুন্ধুমার চার-ছক্কার এই যুগেও ওয়ানডে ক্রিকেটে এমন লক্ষ্য সফলভাবে তাড়া করা সহজ কাজ নয়। মেয়েদের ওয়ানডেতে তো কাজটা ভীষণ কঠিন।
তার ওপর এই বিশাল লক্ষ্যের পিছু ছুটতে গিয়ে কোনো দল যদি ১৩০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে, তাহলে জয়ের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে খেলা দেখতে যাওয়া নিউজিল্যান্ড নারী দলের সমর্থকরাও নিশ্চয় আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আমেলিয়া কার যে ভিন্ন পরিকল্পনা নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন! তার অধিনায়কোচিত ইনিংসে অসাধ্য সাধন করল নিউজিল্যান্ড। মেয়েদের ওয়ানডেতে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সমতা আনল তারা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩৪৬ রান করেছিল দক্ষিণ আফ্রিকা নারী দল।জবাবে আমেলিয়া কারের ১৩৯ বলে অপরাজিত ১৭৯ রানের সুবাদে ২ বল ও ২ উইকেট বাকি রেখে লক্ষ্য টপকে গেছে নিউজিল্যান্ড নারী দল।
নিউজিল্যান্ড আজ ভেঙে দিয়েছে মাত্র ৫ মাস আগে গড়া ভারতের বিশ্বরেকর্ড। গত ৩০ অক্টোবর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করে ফাইনালে উঠেছিল ভারতের মেয়েরা। পরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নও হয়েছিল।সেদিন ভারতের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন জেমিমা রদ্রিগেজ। ১২৭ রানে অপরাজিত থেকে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।
আর আজ নিউজিল্যান্ডকে সিরিজে সমতায় ফেরাতে আমেলিয়া কার উপহার দিলেন ১৭৯ রান। মহাকাব্যিক ইনিংসে ২৩ চারের পাশাপাশি ১ ছক্কা মেরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। প্রত্যাশিতভাবে ম্যাচসেরার পুরস্কার তার হাতে উঠেছে।
ক্রাইস্টচার্চে গত ২৯ মার্চ প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছিল। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ডের বিশ্বরেকর্ড গড়া জয়ে আগামী ৪ এপ্রিল একই মাঠে শেষ ম্যাচটা ‘অঘোষিত ফাইনালে’ পরিণত হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা নারী দল : ৫০ ওভারে ৩৪৬/৬ [বশ ৯১, ভলভার্ট ৬৯, টাইরন ৫২*, লুস ৪০, জাফটা ৩৭; ইলিং ১/৬০, নাইট ২/৬৫, জেস ১/৭১]
নিউজিল্যান্ড নারী দল : ৪৯.৪ ওভারে ৩৫০/৮ [কার ১৭৯, গেজ ৬৮, পিমার ২৩; খাকা ৩/৫১, রেনেকে ২/৫৪, ক্লাস ২/৬১]
ফল : নিউজিল্যান্ড নারী দল ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : আমেলিয়া কার [নিউজিল্যান্ড নারী দল]।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা।