রাত পোহালেই ফরিদপুরে উদযাপিত হবে লক্ষ্মীপূজা
ফরিদপুর জেলা প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আগামীকাল উদযাপিত হবে।
এ উপলক্ষে ফরিদপুরের বাজারগুলোতে পূজার বিভিন্ন উপকরণ কেনাবেচা চলছে।
হিন্দু শাস্ত্রমতে, লক্ষ্মীদেবী ধন-সম্পদের দেবী। এ ছাড়া তিনি সৌভাগ্য, সৌন্দর্য, আধ্যাত্মিকতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পূজিত হন। সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় ভক্তরা লক্ষ্মীদেবীর আরাধনা করেন।
লক্ষ্মীপূজা উপলক্ষে বাজারে লক্ষ্মীসরা, কলার ডোঙা, পদ্মফুল, মদনা কলা, টুনি ফুল ও কাঁচা হলুদসহ বিভিন্ন উপকরণ বিক্রি হচ্ছে। বিক্রেতাদের তথ্যমতে, লক্ষ্মীসরা ও পদ্মফুলের দাম ১০০ টাকা পর্যন্ত। অন্যান্য উপকরণ ৫ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
পূজাকে কেন্দ্র করে বাজারে এসব উপকরণের বেচাকেনা জমে উঠেছে। উৎসবটি ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে ধর্মীয় আবহ।