সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে রাতে সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ের মধ্যে সার দেশে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংসটি।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেডর্ক করা হয়েছে বান্দরবানে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে ৩ মিলিমিটার।