
রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘন প্রতিরোধে দিনভর বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানকালে মোট ৭১০টি বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র ও ফিটনেস যাচাই করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ ৮৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধতা না থাকায় ৪০টি যানবাহন আটক করে পুলিশ।
আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশের এ ধরনের ট্রাফিক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সড়ক নিরাপদ রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরণের যানবাহন চালক ও সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।