
রাজশাহীর আড়ানী রেলস্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকাসহ সারা দেশের সাথে রাজশাহীর ট্রেন যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। লাইনে ফাটল ও ভাঙ্গন দেখতে পেয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আকস্মিক এই ঘটনায় পথে ও বিভিন্ন স্টেশনে আটকা পড়ে অন্তত ছয়টি ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ার খবর পাওয়ার পর নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর ফলে কয়েকটি ট্রেন বিভিন্ন পয়েন্টে পথে আটকা পড়ে। এছাড়া রাজশাহী রেলওয়ে স্টেশনে ছাড়ার অপেক্ষায় আটকে ছিল আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস।
রেলওয়ে সূত্রে জানা গেছে, খবর পেয়েই রেলওয়ের প্রকৌশলী ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং জরুরি ভিত্তিতে লাইন মেরামতের কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার নিবিড় চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়।
পরবর্তীতে আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।