
পরিবেশবান্ধব ও টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) নির্মিত হতে যাচ্ছে আধুনিক ‘গ্রীন বিল্ডিং’। লোকাল গভর্ন্যান্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স প্রজেক্ট (এলজিসিআরআরপি)-এর আওতায় নির্মিতব্য এই ভবনের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ সকালে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাসিক প্রশাসক জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং মহানগরীকে আরও পরিবেশবান্ধব করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নবায়নযোগ্য শক্তির ব্যবহার, পানির অপচয় রোধ এবং পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে নির্মিত হতে যাওয়া এই গ্রীন বিল্ডিং রাজশাহী মহানগরীর পরিবেশ সুরক্ষা ও আধুনিক নগর ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নগরবিদদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে তা রাজশাহীর সবুজ ও পরিচ্ছন্ন নগরীর খেতাবকে আরও সুসংহত করবে এবং টেকসই নগর উন্নয়নে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।