রাজবাড়ীর গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চার ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যমানের ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানকালে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার তল্লাশি করে ২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যমানের ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ৫ লাখ ৬১ হাজার টাকা মূল্যমানের ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের মো. মিলন হোসেন খান (৩৮), একই উপজেলার একতারপুর গ্রামের মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতী তলা গ্রামের মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী উপজেলার মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপ, ফেয়ারডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।