রাজবাড়ীতে ডিবির অভিযানে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলার দৌলতদিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জনৈক আইয়ুব মন্ডলের বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ১০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এ সময় হারুন-অর-রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার বারবারিয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। বর্তমানে তিনি দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লীর ৫ নম্বর ওয়ার্ডে আইয়ুব মন্ডলের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।