রাজবাড়ীতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. নূর আলম (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাংশা হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নূর আলম কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইকপাড়া এলাকার সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া
ধীন রয়েছে।