সীমান্ত নিরাপত্তা ও দায়িত্ব পালনে আরো কার্যকর পরিবেশ নিশ্চিত করতে রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ মারিশ্যা বাজারসংলগ্ন নবনির্মিত রিভারঘাট পোস্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পোস্টটির উদ্বোধন করেন মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজর, সংশ্লিষ্ট পোস্ট কমান্ডারসহ পোস্টে কর্মরত বিজিবি সদস্যরা। পরে দেশ, জাতি ও বাহিনীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী রিভারঘাট পোস্টটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, নতুন এই স্থাপনা সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত সদস্যদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করবে এবং আভিযানিক ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাহিদুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সদস্যদের কল্যাণ নিশ্চিত করতেও বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবনির্মিত এই পোস্টের মাধ্যমে সদস্যদের কল্যাণ নিশ্চিত হবে।