রংপুরের পীরগঞ্জ উপজেলায় অনলাইন ক্যাসিনো ও জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও সিম কার্ড জব্দ করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন জড়িত থাকলেও তারা বর্তমানে পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মে) ভোরে পীরগঞ্জ উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের দক্ষিণ পাশে মাদরাসা মোড় সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘ সময় নজরদারির পর ডিবির একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালায়।এসময় বাড়ির ভেতরে অনলাইন ক্যাসিনো পরিচালনার প্রমাণ পেয়ে ঘটনাস্থল থেকেই ৮ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, ১৩টি স্মার্টফোন এবং ২৬টি সিম কার্ড জব্দ করা হয়।
পুলিশের দাবি, এসব ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইনভিত্তিক জুয়া ও ক্যাসিনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। দেশের বিভিন্ন এলাকার লোকজনকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত করে অর্থ লেনদেনেরও তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বর্তমানে অনলাইনভিত্তিক জুয়া ও ক্যাসিনো কার্যক্রম সমাজে নতুন ধরনের অপরাধ হিসেবে বিস্তার লাভ করছে। তরুণদের একটি অংশ সহজে অর্থ উপার্জনের আশায় এসব অপরাধে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে কাজ চলছে।পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।