প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৬:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে দেব না : ট্রাম্প
ইরান যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওভাল অফিসে নির্বাহী আদেশে স্বাক্ষরের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান প্রসঙ্গে এমন দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ইরান নিয়ে ‘খুব ভালো আলোচনা চলছে’।
তিনি দেশটি নিয়ে আরো বলেন, গত ৪৭ বছর ধরে যেমন আচরণ করছে তারা, এবারও তেমনই একটু চতুরভাবে আচরণ করছে।
ট্রাম্প দাবি করেন, ইরানি নেতৃত্ব হরমুজ প্রণালি বন্ধ করতে চায়। যুক্তরাষ্ট্র তা হতে দেবে না এবং তাদের ‘ব্ল্যাকমেইল’ করতেও দেবে না। তিনি জানান, যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান বজায় রাখছে।
ট্রাম্প বলেন, ইরান প্রসঙ্গে দিনের শেষে ‘কিছু তথ্য’ পাওয়া যাবে।
তবে তিনি সাংবাদিকদের কাছ থেকে সংঘাত নিয়ে সরাসরি কোনো প্রশ্ন নেননি।
এদিকে শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে ইরান প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
দ্য ডন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনির একাধিক পোস্ট নিয়ে এই প্রতিবেদন করেছে।
এক্সে দেওয়া এক পোস্টে আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, ‘যেভাবে ইরানের সেনাবাহিনীর ড্রোনগুলো বজ্রের মতো যুক্তরাষ্ট্র ও জায়নবাদী হত্যাকারীদের ওপর আঘাত হানে।
তেমনি আমাদের সাহসী নৌবাহিনীও শত্রুদের নতুন করে কঠিন পরাজয় দিতে প্রস্তুত।’আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, “ইরানের সেনাবাহিনী দেশকে বিভক্ত করার প্রচেষ্টা, যুক্তরাষ্ট্রের ‘অশুভ পরিকল্পনা’ এবং অভ্যন্তরীণ-আন্তর্জাতিক শত্রুদের মোকাবেলা করে একটি ‘ঐতিহাসিক কীর্তি’ গড়ে তুলেছে।”
এক্সের একাধিক পোস্টে খামেনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে ভূমি, জলসীমা এবং জাতীয় পতাকার সুরক্ষায় অত্যন্ত সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
খামেনির মতে, সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী প্রতীক হিসেবেও কাজ করছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক দেশের প্রত্যয়। Web: www.desherprottoy.com / Gmail : desherprottoy@gmail.com / সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।