যেকোনো ধরনের অপরাধ ও নাশকতা প্রতিরোধে বাগেরহাটের মোংলায় পুলিশের টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল থেকে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের কলেজ মোড়, থানার কর্নার, বন্দর এলাকার বাসস্ট্যান্ড ও দিগরাজ এলাকায় চারটি চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি অবৈধ যান শনাক্তে অভিযান চালানো হচ্ছে।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় মোংলায় নিয়মিত টহল আরো জোরদার করা হয়েছে।
মোংলায় চারটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া রামপালের তিনটি পয়েন্টেও চেকপোস্ট বসানো হয়েছে।
তিনি বলেন, মূলত মাদক, চোরাচালান, অবৈধ যান চলাচল ও নাশকতা প্রতিরোধে এ টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।