মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে সেনাবাহিনী প্রধান মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনারল সিকিউরিটি এশিয়া ২০২৬ এক্সিবিশনে অংশগ্রহণ করে বিভিন্ন দেশের আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি পরিদর্শন করেন।পাশাপাশি সেনাপ্রধান ‘এশিয়ান সিকিউরিটি অ্যাট দ্য এজ অব ইমারজিং টেকনোলোজিস’ মূল বিষয়ে আলোকপাত করে আয়োজিত অষ্টম পুত্রাজায়া ফোরামে অংশগ্রহণ করেন।
সেনাপ্রধান মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়, যৌথ উদ্যোগ গ্রহণ, যৌথ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বিনিময়সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে গত ১৯ এপ্রিল সেনাপ্রধান সরকারি সফরে মালয়েশিয়া গমন করেন।