মাদারীপুরের ডাসার উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গতকাল শনিবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় মারুফ সরদারসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
নিহত মারুফ ওই এলাকা নুর ইসলাম সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নুর ইসলাম সরদারের সঙ্গে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমি পরিমাপকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোফাজ্জেল সরদারের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নুর ইসলামের পরিবারের ওপর হামলা চালায়।
এ সময় মারুফ সরদারসহ নুর ইসলাম, তার স্ত্রী মানিনুর বেগম এবং একই বাড়ির হোসনেয়ারা বেগম ও পাপিয়া বেগম গুরুতর আহত হন।আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মারুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
পরে অবস্থার অবনতি হলে রাজধানীর রামপুরায় একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। রবিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা নুর ইসলাম সরদার বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এদিকে ঘটনার পর প্রধান অভিযুক্ত মোফাজ্জেল সরদারসহ অন্য আসামিরা গা ঢাকা দিয়েছেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মারুফের মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মা মাহিনুর বেগম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।