মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
।
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর
রাজবাড়ী সদর উপজেলার বাজিতপুর এলাকা থেকে দুইটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুক্তার মৃধা (৪২)কে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানাধীন বাজিতপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুক্তার মৃধা রাজবাড়ী সদর থানার বাজিতপুর এলাকার বাসিন্দা। তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় দায়ের করা দুটি মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ছিলেন। এর মধ্যে একটি মামলায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মৃধা স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।