মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তা বিষয়ে ব্রিফিং করলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
নিজস্ব প্রতিনিধি
মাগুরায় শ্রী শ্রী কাত্যায়নী পূজা-২০২৬ উপলক্ষে পুলিশ এবং আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। রবিবার ১৫ নভেম্বর ২০২৬ সকাল ১০ টার সময় মাগুরা পুলিশ লাইনস মাঠ প্রাঙ্গণে মাগুরা জেলা পুলিশের আয়োজনে এই ব্রিফিং করা হয়।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা এই সময় কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা জেলা থেকে আগত পুলিশ সদস্য ও মাগুরা জেলার আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য পুজা মন্ডপে দায়িত্ব ও নিরাপত্তা পালন করার জন্য বক্তব্য রাখেন ও সাংবাদিকদের প্রেস ব্রিফিং প্রদান করেন। প্রতিটা পুজো মণ্ডপে সিসি ক্যামেরা লাগাতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি ফারুক আহমেদ, ট্রাফিক ওসি হাসান সহ প্রমুখ।
মাগুরায় আগামীকাল থেকে শুরু এশিয়ার বৃহৎ কাত্যায়নী উৎসব
ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে মাগুরার ঐতিহ্যবাহী পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী কাত্যায়নী পূজা। এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ কাত্যায়নী উৎসব হিসেবে পরিচিত এ আয়োজনকে ঘিরে ইতিমধ্যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে মাগুরা। শহরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থান ও পূজামণ্ডপ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা, দৃষ্টিনন্দন তোরণ ও বাহারি সাজে। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপের শেষ মুহূর্তের সাজসজ্জা-সব মিলিয়ে আয়োজক ও কারিগরদের ব্যস্ততা এখন তুঙ্গে।
এ বছর মাগুরা জেলার চারটি উপজেলায় মোট ১০২টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে কাত্যায়নী পূজা। এর মধ্যে মাগুরা পৌরসভা এলাকায় রয়েছে ২১টি মণ্ডপ। শহরের জামরুলতলা, সাতদোহাপাড়া, নতুন বাজার, বাটিকাডাঙ্গা, শিবরামপুর, নিজনান্দুয়ালীসহ বিভিন্ন এলাকায় চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি।
মণ্ডপে মণ্ডপে ভিন্নধর্মী আয়োজন। প্রতিবছরের মতো এবারও মণ্ডপের সাজসজ্জায় থাকছে বৈচিত্র্য ও সৃজনশীলতার ছাপ। কোথাও প্লাস্টিকের চামচ দিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন প্রবেশপথ, আবার কোথাও বাঁশের ছটায় ফুটিয়ে তোলা হচ্ছে নান্দনিক স্থাপত্যশৈলী। শহরের সানাবাবুর বটতলায় প্লাস্টিকের চামচ দিয়ে তৈরি করা হয়েছে আকর্ষণীয় তোরণ। অন্যদিকে নিতাই গৌর সেবাশ্রমে বাঁশের ছটা দিয়ে নির্মাণ করা হচ্ছে ব্যতিক্রমী প্রবেশপথ। এসব আয়োজন দেখতে উৎসব শুরুর আগেই বিভিন্ন মণ্ডপে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।
সাত দশকের ঐতিহ্য মাগুরার কাত্যায়নী পূজার ইতিহাস প্রায় সাত দশকেরও বেশি পুরোনো। স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাস অনুযায়ী, ১৯৫০ সালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার সতীশ মাঝি আনুষ্ঠানিকভাবে এ পূজার প্রচলন করেন। পেশাগত ব্যস্ততার কারণে দুর্গাপূজার সময় জেলে সম্প্রদায়ের অনেকেই ধর্মীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পেতেন না। সেই বাস্তবতা থেকেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত করে নিজ উদ্যোগে কাত্যায়নী পূজার আয়োজন শুরু করেন তিনি।
সতীশ মাঝির সেই ছোট পরিসরের আয়োজন সময়ের ব্যবধানে বিস্তৃত হয়ে আজ মাগুরার অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। বিশেষ করে স্বাধীনতার পর থেকে এ পূজার আয়োজন ও ব্যাপকতা ক্রমেই বেড়েছে। বর্তমানে এটি শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পরিণত হয়েছে সর্বজনীন মিলনমেলায়। উৎসব ঘিরে দেশ-বিদেশের দর্শনার্থীদের সমাগম কাত্যায়নী পূজাকে কেন্দ্র করে প্রতিবছর দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে মাগুরায়। অতীতের বিভিন্ন সংবাদ প্রতিবেদনেও ভারত ও নেপালসহ প্রতিবেশী দেশ থেকে দর্শনার্থীদের আসার তথ্য উঠে এসেছে। প্রতিটি মণ্ডপে থাকে আলাদা পরিকল্পনা, নান্দনিক প্রতিমা, দৃষ্টিনন্দন প্যান্ডেল ও আধুনিক আলোকসজ্জা। কোথাও ঐতিহাসিক স্থাপনা, কোথাও মন্দির, আবার কোথাও বিভিন্ন স্থাপত্যশৈলীর আদলে তৈরি করা হয় মণ্ডপ। ফলে পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মণ্ডপ পরিদর্শনও হয়ে ওঠে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। পাঁচ দিনব্যাপী পূজার পাশাপাশি বসে ঐতিহ্যবাহী মেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন। শিশুদের বিনোদনের উপকরণ, খেলনা, পোশাক, খাবার ও হস্তশিল্পের দোকানে জমে ওঠে বেচাকেনা। সব মিলিয়ে পূজাকে কেন্দ্র করে মাগুরা শহরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
মাগুরা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু বলেন, এ বছর জেলায় মোট ১০২টি পূজামণ্ডপে কাত্যায়নী পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে মাগুরা পৌরসভায় ২১টি, সদর উপজেলায় ৩১টি, শালিখায় ২৫টি, মহম্মদপুরে ১৪টি এবং শ্রীপুরে ১১টি মণ্ডপ রয়েছে। এশিয়া মহাদেশের বৃহৎ কাত্যায়নী পূজা হিসেবে পরিচিত এ উৎসবে প্রতিবছর দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ আসেন।
স্থানীয় বাসিন্দা দুর্জয় মণ্ডল বলেন, কাত্যায়নী পূজা এশিয়া মহাদেশের বৃহৎ উৎসবগুলোর একটি। এ উৎসবে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে দর্শনার্থীরা আসেন। প্রতিবছরই এ আয়োজনকে ঘিরে মাগুরায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সানাবাবুর বটতলার বাসিন্দা শ্রীকৃষ্ণ বলেন, মাগুরা শহরের পারনান্দুয়ালীর সতীশ মাঝি ছোট পরিসরে এ পূজার সূচনা করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই আয়োজন অনেক বড় হয়েছে। ছোট্ট পরিসরের সেই পূজা আজ দেশ-বিদেশে পরিচিতি পেয়েছে। এটি মাগুরার মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য।
প্রতিমা নির্মাণে ব্যস্ত কারিগররা পূজাকে সামনে রেখে দিন-রাত কাজ করছেন প্রতিমা নির্মাণের কারিগররা। এক প্রতিমা নির্মাণশিল্পী জানান, সাত থেকে আটজন মিলে একটি প্রতিমা তৈরির কাজ করছেন। প্রতিমা নির্মাণ শেষ করতে প্রায় ২১ থেকে ২২ দিন সময় লাগে। সব মিলিয়ে একটি প্রতিমা তৈরির জন্য তাঁরা তিন থেকে সাড়ে তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। আগামীকাল ষষ্ঠীপূজার আগেই প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ করার আশা করছেন তাঁরা।
এদিকে উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সিসিটিভি ক্যামেরার আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, কাত্যায়নী পূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিনের ঐতিহ্য, ধর্মীয় সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে ওঠা মাগুরার কাত্যায়নী পূজা এখন জেলার পরিচয়ের অন্যতম অংশ। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ উৎসব স্থানীয় অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক বন্ধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীকাল থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ আয়োজনে আবারও দেশ-বিদেশের দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে মাগুরা-এমন প্রত্যাশা আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের।