ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী এক অজ্ঞাতপরিচয় নারী (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌর সভার ফায়ার সার্ভিস অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবু জাফর জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ফায়ার সার্ভিস অফিসের সামনে মঙ্গলবার রাত ৮টার দিকে বরিশালগামী অজ্ঞাত একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারী নারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. আজাদুর রহমান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ফায়ার সার্ভিসের সামনে অজ্ঞাতপরিচয় এক পথচারী নারীকে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে ওই নারীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অজ্ঞাতপরিচয় ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে।