রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর সভার হামিদকুড়া বিলে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করার সময় বিদ্যুৎস্পর্শে মামুন আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ওসি সিরাজুল হক। মৃত আড়ানী পৌর এলাকার গোচর গ্রামের আব্দুল ভাদুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সৃত্রে জানা যায়, মামুন বৃহস্পতিবার গভীর রাতে বাঘা উপজেলার আড়ানী পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের হামিদকুড়া বিলে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটির চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে সেখানেই তার মৃত্যু হয়।
শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় পল্লী বিদ্যুতের খুঁটির পাশে তার মরদেহ দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বাঘা থানার ওসি সিরাজুল হক জানান, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।