রাজশাহীর বাঘায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আতিকুর রহমান বাচ্চু (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত বাচ্চু উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশরপুর সেখপাড়া গ্রামের ওয়াহেদ সেখের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে কেশরপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বাচ্চু। পথে সেখপাড়া বটতলা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’