ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়ার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর খালধার পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পৌর খালধার পাড়া গ্রামের রিপন হোসেন সকালে শাহজাহানের দোকানে চা খেতে যান।পূর্বের বাকি থাকায় টাকা না দেওয়া পর্যন্ত বাকিতে চা দেবেন না বলে জানান দোকানি। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘বাকিতে চা বিক্রি না করা নিয়ে একটি সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’