ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হওয়ার পরও সরকারি বাসা দখলে রাখলে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে দ্বিগুণ হারে বাড়িভাড়া আদায় করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা-১৯৮২ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বাসার দখল ছাড়তে হবে।
এ বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে নির্দেশনা দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।
পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদপ্তরের আওতায় বাসা বরাদ্দ পেয়ে থাকেন। পরবর্তী সময়ে দাফতরিক প্রয়োজনে তাদের সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি করা হলেও অনেক ক্ষেত্রে বদলির তথ্য পরিদপ্তরকে জানানো হয় না। আবার কিছু কর্মকর্তা-কর্মচারী বদলির পর বিধি অনুযায়ী নির্ধারিত সময় পার হলেও সরকারি বাসার দখল ছাড়েন না।
এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বরাদ্দ বিধিমালা-১৯৮২-এর পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হওয়ার পরও অনুমোদিতভাবে সরকারি বাসায় অবস্থান করলে নির্দিষ্ট সময়ের পর বিধি অনুযায়ী দ্বিগুণ হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়।
পরিদপ্তর জানায়, অনেক কর্মকর্তা-কর্মচারী দ্বিগুণ হারে বাড়িভাড়া ভাতা আদায়ের বিষয়টি জানেন না বলে দাবি করেন। তারা অনুমোদিতভাবে সরকারি বাসায় বসবাসের কারণে ধার্য করা দ্বিগুণ ভাড়া মওকুফের আবেদন করেন।
তবে বিধি অনুযায়ী অনুমোদিত অবস্থানের কারণে দ্বিগুণ হারে বাড়িভাড়া ভাতা হিসেবে প্রাপ্য সরকারি অর্থ মওকুফ করার এখতিয়ার পরিদপ্তরের নেই। এ বিষয়ে আগেও পত্র জারি করা হয়েছিল।
বাংলাদেশ বরাদ্দ বিধিমালা-১৯৮২-এর ১৫(২) উপবিধি অনুযায়ী, বরাদ্দ পাওয়া সরকারি কর্মচারী চাকরি থেকে বরখাস্ত, অপসারণ, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ, পদত্যাগ, বদলি, বিদেশে প্রেষণে নিয়োগ অথবা অবসর গ্রহণের দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছেড়ে দিতে হবে।
একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বলা হয়েছে, বরাদ্দ পাওয়া কর্মচারীর বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, অবসর গ্রহণ বা বদলির ক্ষেত্রে সন্তানের লেখাপড়ার কারণে সরকারি বাসার বরাদ্দ বহাল রাখা একান্ত প্রয়োজন হলে তা ছয় মাস পর্যন্ত বহাল রাখার বিষয়টি সরকারের ইচ্ছাধীন থাকবে।
এ ছাড়া বিধিমালার ১৯(১) উপবিধি অনুযায়ী, অনুমোদিত দখলের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল অনুসারে সংশ্লিষ্ট কর্মচারীর প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে সরকারি বাসার ভাড়া নির্ধারণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিধি যথাযথভাবে অনুসরণ করে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সংশ্লিষ্টদের পুনরায় বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।