খেলা দেখতে গ্যালারিতে গিয়ে অনেকেরই মন পড়ে থাকে মোবাইল ফোনে। সেলফি তোলা, ডিভিও করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ততায় হারিয়ে যায় মাঠের উত্তেজনা।
এবার সেই অভ্যাস বদলাতে অভিনব উদ্যোগ নিয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচ চলাকালে ফোনের ব্যবহার কমাতে পারলেই দর্শকদের জন্য থাকছে স্বাক্ষর করা জার্সি ও ক্লাবের পণ্য কেনার উপহার কার্ড।
গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ডর্টমুন্ডের নিজস্ব অ্যাপে যুক্ত করা হয়েছে ‘ফ্যান মোড’ নামের একটি সুবিধা। এই সুবিধা চালু করলে ম্যাচ চলাকালে কতবার ফোন ব্যবহার করা হচ্ছে, তা হিসাব করা হবে।
বিরতির সময় ফোনের ব্যবহার হিসাবের বাইরে থাকবে। ফোন যত কম ব্যবহার করা হবে, তত বেশি পয়েন্ট জমবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীদের দেওয়া হবে পুরস্কার।
গতকাল (২৪ অক্টোবর) রাতে নিজেদের মাঠ সিগনাল ইদুনা পার্কে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ দিয়ে এই উদ্যোগ চালু করেছে বরুসিয়া ডর্টমুন্ড।
তবে এতে দর্শকদের অংশ নেওয়া বাধ্যতামূলক ছিল না। ফোন ব্যবহারেও কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
বরুসিয়া ডর্টমুন্ডের প্রধান নির্বাহী কার্স্টেন ক্রেমার এ ব্যপারে বলেছেন, ‘স্টেডিয়ামে ৮১ হাজারের বেশি মানুষ একসঙ্গে গান গাইছেন, উল্লাস করছেন, একই মুহূর্তে উৎকণ্ঠায় নিঃশ্বাস আটকে রাখছেন—এই মুহূর্ত, এই অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।’
জার্মান ফুটবলে গ্যালারির পরিবেশকে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টে পরিণত করার প্রবণতা নিয়ে দিন দিন অসন্তোষ বাড়ছে। এর আগে হার্থা বার্লিন ও ডায়নামো ড্রেসডেন বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিও ধারণে বিধিনিষেধ আরোপ করেছে।
তবে ডর্টমুন্ডের এই অভিনব উদ্যোগের লক্ষ্য, দর্শকরা যেন পর্দায় নয়, মাঠের খেলায় মনোযোগ দেন এবং গ্যালারির সম্মিলিত উন্মাদনা উপভোগ করেন।