চলতি বছরের সেপ্টেম্বর আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি চূড়ান্ত করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সদ্যসমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের পর এই উইন্ডোতেই প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা আন্তর্জাতিক উইন্ডোটি থাকবে দীর্ঘ ১৬ দিনের। এই দীর্ঘ বিরতিতে কোচ লিওনেল স্কালোনি সর্বোচ্চ ৪টি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।
তবে প্রাথমিকভাবে ২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এরপর ২০২৬ সালের ফুটবল ক্যালেন্ডার শেষ করতে নভেম্বর মাসে আরো ২টি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক তিন দেশের একটি আর্জেন্টিনা। তাই ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ল্যাটিন আমেরিকার মূল বাছাইপর্বের বৈতরণী পার হতে হবে না আলবেসিলেস্তেদের। তারা স্বাগতিক হিসেবে ইতিমধ্যেই মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করে রেখেছে।
বিশ্বকাপের টিকিট নিশ্চিত থাকায় দলের পর্যাপ্ত প্রস্তুতির স্বার্থে কনমেবল ও ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) যৌথভাবে একটি নেশনস লিগ ধাঁচের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে।
এর ফলে আর্জেন্টিনা ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাবে।