ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম রোগী শনাক্ত হয়নি, হাসপাতালে ভর্তি ১০০
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে জেলার বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেলার সন্দেহভাজন রোগী ৩০ জন এবং অন্যান্য জেলার ৯ জন।
আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৫ হাজার ১৮১ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।
এ ছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ১ হাজার ৫১৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৫৩৫ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন বলে তথ্যটিতে উল্লেখ করা হয়েছে।
হাসপাতালভিত্তিক সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আগের ভর্তি রোগীসহ সেখানে মোট ১৬ জন রোগী ছিলেন এবং ১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। আগের ভর্তি রোগীসহ মোট ৮৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন এবং ২৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
দুই হাসপাতালে মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন, ছাড়পত্র পেয়েছেন ৪০ জন। বর্তমানে হাসপাতাল দুটিতে মোট ১০০ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।