ফরিদপুরে ১ হাজার ১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভাটি কানাইপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে মো. শামীম ইসলাম রাজু (২২) এবং একই এলাকার স্বপন মিয়ার ছেলে মো. রাজিবুল হাসান (৩৩)।
ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে ভাটি কানাইপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে ভাটি কানাইপুর গ্রামের বটতলা এলাকায় রেজাউল মাতুব্বরের চা-পানের দোকানের সামনে থেকে শামীম ইসলাম রাজুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর অভিযানে একই এলাকার রাজিবুল হাসানের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দখলীয় বসতঘরের উত্তর পাশের একটি কক্ষ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দুটি অভিযানে মোট ১ হাজার ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।