প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে সেমিনার
শংকর দাস পবন,সহবার্তা সম্পাদক
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ঝালকাঠিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট)সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জেলা পরিষদ, পৌরসভা ও জেলার সকল উপজেলা পরিষদের সহযোগিতায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক মিজ জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, গার্লস গাইড, স্কাউট এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে ঝালকাঠি জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। এতে জেলার শিক্ষার ঐতিহ্য, সম্ভাবনা, বর্তমান অর্জন এবং ভবিষ্যৎ অঙ্গীকার তুলে ধরা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ ছাড়া শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ কর্মচারী, শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর, শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার এবং শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়—বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং শিক্ষার সার্বিক পরিবেশ আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।